আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনপদ্ধতি, সময়সীমা এবং প্রয়োজনীয় অন্যান্য তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওয়েবসাইটে পাওয়া যাবে।
জার্মানিতে উচ্চশিক্ষা ও গবেষণার স্বপ্ন দেখা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে ফ্রেডরিখ ইবার্ট স্টিফটাং স্কলারশিপ। এই স্কলারশিপের আওতায় বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা জার্মানির বিশ্ববিদ্যালয়গুলোতে সম্পূর্ণ বিনা খরচে ডক্টরাল (পিএইচডি) প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পাবেন। বাংলাদেশসহ অন্যান্য দেশের যোগ্য শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। আবেদন সারা বছরই গ্রহণ করা হলেও নির্ধারিত সময়সীমা অনুযায়ী আবেদন সম্পন্ন করতে হবে।
জার্মানির সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির সঙ্গে সংশ্লিষ্ট ফ্রেডরিখ ইবার্ট স্টিফটাং ফাউন্ডেশন ১৯৭১ খ্রিষ্টাব্দ থেকে দেশি-বিদেশি শিক্ষার্থীদের জন্য এই মর্যাদাপূর্ণ স্কলারশিপ প্রদান করে আসছে। ফাউন্ডেশনটির প্রধান কার্যালয় জার্মানির বন ও বার্লিন শহরে অবস্থিত।
স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি বহন করা হবে। পাশাপাশি জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য প্রতি মাসে ১ হাজার ৫০০ ইউরো উপবৃত্তি দেওয়া হবে। এছাড়া স্বাস্থ্যবিমার সুবিধা, বিভিন্ন একাডেমিক সভা, কর্মশালা ও সেমিনারে বিনা মূল্যে অংশগ্রহণের সুযোগও থাকবে। চিকিৎসাবিজ্ঞান ছাড়া প্রায় সব বিষয়ের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনকারীদের অবশ্যই আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে এবং তাদের একাডেমিক ফলাফল ভালো হতে হবে। জার্মান ভাষায় দক্ষতা থাকা জরুরি। এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা, সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রসমূহ এবং দক্ষিণ-পূর্ব ইউরোপের নির্দিষ্ট দেশগুলোর নাগরিকরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনপদ্ধতি, সময়সীমা এবং প্রয়োজনীয় অন্যান্য তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওয়েবসাইটে পাওয়া যাবে। এই স্কলারশিপ জার্মানিতে গবেষণাভিত্তিক উচ্চশিক্ষার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে ক্যারিয়ার গড়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত।